

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী প্রতিনিধি (ডিজিটাল):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মন্ডল বাড়ি এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মন্ডল বাড়ির প্রাঙ্গণে জিকরুল আলম মন্ডল দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হাসান আল মামুন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারাগঞ্জ, রংপুর। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনায় ছিলেন আলহাজ মো. রফিকুল ইসলাম মন্ডল ও মো. জাকির হোসেন মন্ডল।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। অর্থাভাবে যারা চিকিৎসাসেবা নিতে পারেন না, তাঁদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তাঁরা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :