

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল টগরারডাঙ্গা এলাকায় এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে ২০২৬ তারিখ রাতে পপি এনজিওর এক নারী কর্মী কিস্তির টাকা সংগ্রহ শেষে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে কৈমারী ইউনিয়নের গাবরোল টগরারডাঙ্গা এলাকায় পৌঁছালে এক অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারী ওই নারী কর্মীর মাথায় আঘাত করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :