

সাহেব আলী,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সভায় “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, তরুণ সমাজকে তামাকের আসক্তি থেকে রক্ষা, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তামাক ও নিকোটিনমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
সভায় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :