STV NEWS খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে মুগ্ধ এমপি আব্দুল মুনতাকিম - STV NEWS

খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে মুগ্ধ এমপি আব্দুল মুনতাকিম


ডেস্ক রিপোর্ট জুন ১২, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে মুগ্ধ এমপি আব্দুল মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক চর্চা ও সৃজনশীল ধারণার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। এ সময় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রায় ১৪টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শনীতে পরিবেশ, প্রযুক্তি, কৃষি, জ্বালানি সাশ্রয় এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক নানা প্রকল্প স্থান পায়।
প্রদর্শনী পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের খুদে বিজ্ঞানীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজাল রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের আগ্রহ বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্পগুলো ঘুরে দেখে তাদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করেন।