STV NEWS ডিমলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের পাঠদান ও গাছের চারা বিতরণ - STV NEWS

ডিমলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের পাঠদান ও গাছের চারা বিতরণ


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ডিমলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের পাঠদান ও গাছের চারা বিতরণ

আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি:

যুবসমাজকে সুসংগঠিত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীর ডিমলায় এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপ’-এর ৭ম দিনের পাঠদান পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন সদস্যদের হাতে হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ভিডিপি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পাশাপাশি গাছের চারা বিতরণের এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে।” এছাড়াও বাংলাদেশকে মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত একটি স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে ভিডিপি সদস্যদের করণীয় বিষয় নিয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করেন তিনি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ মিজানুর রহমান, পিভিএম। তিনি দেশের অগ্রযাত্রায় প্রশিক্ষণার্থীদের একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “একটি জীবন একটি গাছ, গড়ে উঠবে সবুজ সমাজ।”
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন।
​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ডিমলা ইউনিয়নের দলনেতা মোঃ আবুল কালাম আজাদ সরকার, দলনেত্রী মোছাঃ অনামিকা আক্তার বেবি, প্লাটুনের দলনেতা মোঃ লাভলু মিয়া, উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আব্দুল খালেক এবং সঞ্জীবন পাইলটিং প্রকল্পের সদস্য মোঃ ইমরান ইসলামসহ আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।
​১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন বিষয়ে মৌলিক পাঠদান করা হচ্ছে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রেখে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ বেষ্টনী গড়ে তুলতেই এই চারা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।