

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
রোববার (২১ জুন) নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জানা যায়, জলঢাকা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি নাজমুল আলম দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছেন। তাঁর এই প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক নায়িরুজ্জামান তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি নাজমুল আলম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। জলঢাকা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবাপ্রদান নিশ্চিত করতে আমি ও আমার টিম ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
জেলা প্রশাসনের এই সম্মাননা স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বিত কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :