

এম এ মজিদ নওগাঁ,
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চকবালু গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের মো. রনির মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রিয়া তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রিয়া তার বাবা এবং অন্যান্য শিশুদের সাথে খালার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে গোসল করতে যায়।
গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে সাথে থাকা স্বজন ও স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় ৭-৮ মিনিট পর তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পরপরই রিয়াকে মোটরসাইকেলে করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বজনদের মিলনমেলায় এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্থানীয়রা জানান, অসাবধানতার কারণেই এই করুণ পরিণতি। এ ধরণের দুর্ঘটনা এড়াতে শিশুদের নদী বা যে কোনো জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :