

মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সেলিম মিয়া (৪৮), পিতা- আব্দুল হক, গ্রাম- আলমপুর, থানা- মংলা বাজার, সিলেট এবং মোঃ রুবেল মিয়া (৪১), পিতা- মৃত আব্দুর রহমান, গ্রাম- কাজিহাটা, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-৫ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :