STV NEWS কিশোরগঞ্জে ৩৮ লাখ টাকার খাল খনন কাজের উদ্বোধন - STV NEWS

কিশোরগঞ্জে ৩৮ লাখ টাকার খাল খনন কাজের উদ্বোধন


ডেস্ক রিপোর্ট জুন ৫, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
কিশোরগঞ্জে ৩৮ লাখ টাকার খাল খনন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা উন্নয়নের লক্ষ্যে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আরএস ৬৯, ১৫৭ ও ৪৩৬ দাগভুক্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি একদিকে যেমন স্থানীয় জলাবদ্ধতা দূর করবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম, ইউনিয়ন জামায়াতের আমীর আফজালুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে চাঁদ খোসাল জামে মসজিদের পেশ ইমাম প্রকল্পের সফল বাস্তবায়ন ও এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, খালটি পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।