STV NEWS দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২ - STV NEWS

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২


ডেস্ক রিপোর্ট জুন ৫, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, নীলফামারী:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে রেজাউল করিম (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা-ছেলেসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
নিহত রেজাউল করিম উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্টু মিয়া (৫২) এবং তার ছেলে আদম আলী (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার আত্মীয়-স্বজনদের সঙ্গে ফুফার বাড়িতে দাওয়াত খেতে যান রেজাউল করিম। এ সময় আমিন উদ্দিনের বিরোধী পক্ষের কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় রেজাউল করিমসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রেজাউল করিম মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, বিএনপি নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে গত বুধবার বিকেলে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।