STV NEWS স্ত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ - STV NEWS

স্ত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, আহত ২


ডেস্ক রিপোর্ট জুন ৩, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
স্ত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, আহত ২

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক ও তার মা আহত হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রনচন্ডি দালালপাড়া এলাকার বাসিন্দা মো. এরশাদ আলীর সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এ বিরোধের জেরে স্ত্রীর কয়েকজন আত্মীয় ও তাদের সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি।
এরশাদ আলীর অভিযোগ, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার শয়নকক্ষের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। পাশাপাশি ঘরে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা রোশনা বেগমকেও মারধর করা হয়। এছাড়া তার শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রাণভয়ে এরশাদ আলী পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও ভাঙচুর চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়দের সহায়তায় আহত এরশাদ আলী ও তার মাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।