STV NEWS নীলফামারীর ডিমলায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবনী প্রকল্প’ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - STV NEWS

নীলফামারীর ডিমলায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবনী প্রকল্প’ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট জুন ৪, ২০২৬, ৫:১০ অপরাহ্ন
নীলফামারীর ডিমলায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবনী প্রকল্প’ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল হালিম, নীলফামারী প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবনী পাইলটিং প্রকল্প’ পরিদর্শন ও প্রকল্পভুক্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া, পিভিএম।
মঙ্গলবার (৩ জুন) ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সদস্য-সদস্যাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা ও বাহিনীর উন্নয়নমূলক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
সভায় জেলা কমান্ড্যান্ট বলেন, সঞ্জীবনী প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আধুনিক কৃষি, খামার ও মৎস্যচাষের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। তিনি সদস্যদের প্রকল্পের সঠিক বাস্তবায়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং সমন্বিত কৃষি উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় শেষে জেলা কমান্ড্যান্ট প্রকল্পের আওতাধীন প্রস্তাবিত খামার এলাকা ও মৎস্যচাষের জন্য নির্ধারিত পুকুর সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সম্ভাবনা, অবকাঠামোগত প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডোমার শাখার ব্যবস্থাপক জ্যোতিময় রায়সহ সঞ্জীবনী প্রকল্পের সদস্যবৃন্দ।
এ সময় জেলা কমান্ড্যান্ট ব্যাংক ঋণের যথাযথ ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন এবং সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সঞ্জীবনী প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর উদ্যোগ। সকলের আন্তরিক প্রচেষ্টা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে এ প্রকল্প সফল হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ এবং জেলা কমান্ড্যান্টের সরেজমিন পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সঞ্জীবনী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ডিমলা উপজেলার বেকার যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।