

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টার এস টিভি নিউজ এক্সপেসঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার ১০,নং শৌলমারী ইউনিয়নের ৬,নং ওয়ার্ড পশ্চিম কাজীপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই দফায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জানুয়ারি মৃত আসির উদ্দিন খরকুর দুই ছেলে লুৎফর রহমান ও নজরুল ইসলাম এসএ খতিয়ানের ৭০৪২ ও ৭০৪৩ দাগে মোট সাড়ে ৩ শতক জমি মৃত সমসের আলী সনসারের দুই ছেলে রফিকুল ইসলাম ও রশিদুল ইসলামের কাছে বিক্রি করেন। তবে জমিটি দীর্ঘদিন ধরে বিক্রেতাদের বড় ভাই নুর ইসলাম ওরফে পাকা মাথার দখলে রেখেছেন বলে অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও বিরোধের সমাধান হয়নি।ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ নভেম্বর বিকেলে জমি ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে রশিদুলের ছেলে লিটনের সঙ্গে নুর ইসলাম ও নজরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিটনকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা রশিদুল হকও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অভিযোগ রয়েছে, পরদিন ১১ নভেম্বর তাঁদের নিতে হাসপাতালে গেলে জরুরি বিভাগের সামনে রফিকুল ইসলামকে নুর ইসলাম, তাঁর দুই ছেলে সাহাদাৎ ও রবিউল এবং নাতি সুমন মারধর করেন। এ সময় তাঁর পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে মেডিকেলের আশপাশের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগীদের আরও অভিযোগ, ঘটনার পর থেকে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।অপরদিকে অভিযুক্ত নুর ইসলাম পাকা মাথা ও তার সঙ্গীয় লোকজন জানতে পারেন যে রফিকুল ইসলামকে যেখানে মারধর করেন সেখানে সিসি ক্যামেরা ছিলো এবং সেখানে ভিডিও হওয়াতে তারাও পরবর্তীতে নিজেরাই নিজে শরীরে ক্ষত করে আহত দাবি করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ এবং সেখানে কবর থাকার বিষয় নিয়েও এলাকায় অসন্তোষ রয়েছে। ভুক্তভোগীরা জমিটি মসজিদের কবরস্থানের জন্য দান করতে চান বলে জানিয়েছেন।রফিকুল ইসলাম ও রশিদুল ইসলাম বলেন, “জমি কেনার পরও আমরা ভোগদখল করতে পারছি না। দীর্ঘদিন ধরে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”এলাকাবাসী জমির কাগজপত্র যাচাই করে বিরোধের নিষ্পত্তি এবং হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :