STV NEWS টানা দরপতনে এক বছরে প্রথমবার দুই লাখের নিচে সোনার ভরি - STV NEWS

টানা দরপতনে এক বছরে প্রথমবার দুই লাখের নিচে সোনার ভরি


ডেস্ক রিপোর্ট নভেম্বর ২২, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
টানা দরপতনে এক বছরে প্রথমবার দুই লাখের নিচে সোনার ভরি

ডেক্স রিপোর্টঃ

দেশের বাজারে টানা দরপতনের কারণে এক বছরের বেশি সময় পর আবারও দুই লাখ টাকার নিচে নেমেছে ২২ ক্যারেট সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। নতুন এ দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নতুন দাম ঘোষণা করে বাজুস। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছরের ৬ অক্টোবর প্রথমবারের মতো দেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ২০ অক্টোবর দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। পরে ২৯ অক্টোবর কমে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে এলেও পরদিনই ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এরপর থেকে দীর্ঘ সময় সোনার দাম দুই লাখ টাকার ওপরে ছিল।চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই দিন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এরপর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে কয়েক দফায় দাম বাড়ানো ও কমানো হয়। তবে চলতি নভেম্বর মাসে ধারাবাহিক দরপতনের ফলে আবারও দুই লাখ টাকার নিচে নেমেছে সোনার দাম।দাম কমানোর কারণ ব্যাখ্যা করে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সংবাদমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।তিনি বলেন, একসময় এক ভরি সোনার দাম প্রায় তিন লাখ টাকা হয়েছিল। এখন তা দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। এত বড় দরপতন হবে, তা তিনি কখনো ভাবেননি।বাজুসের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১২ হাজার ৭২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক দরপতন।

এর মধ্যে ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ১১ নভেম্বর একই পরিমাণ কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা করা হয়।

পরবর্তী সময়ে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ১৪ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ১৮ নভেম্বর একই পরিমাণ কমিয়ে দাম করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ১৯ নভেম্বর তা কমে দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এরপর ২০ নভেম্বর এক ধাক্কায় ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার ১৬৬ টাকা। সর্বশেষ শনিবার আরও ৬ হাজার ১৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।এ নিয়ে নভেম্বরের ৫ তারিখের পর থেকে দুই সপ্তাহে মোট নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। ধারাবাহিক এই দরপতনে দেশের সোনার বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে।