STV NEWS নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার - STV NEWS

নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের মামলার প্রধান অভিযুক্ত মো. মনির মিয়া (২৪)কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প ও র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী একটি মাদ্রাসায় পড়াশোনা করে। এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসায় যাতায়াতের পথে মনির মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুর আনুমানিক ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনির মিয়া তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। পরে আদালতের আদেশে গত ২ সেপ্টেম্বর নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা নম্বর-০৭ দায়ের করা হয়।

মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি দল র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান অভিযুক্ত মো. মনির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।