

নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিকেলে শহরের রাজপথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।সমাবেশে বক্তব্য দেন কোহিনূরজ্জামান লিটন, গোলাম সারোয়ার ভুট্টো, ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, আউয়াল বিএসসি, রফিকুল ইসলাম মেম্বার, আল মামুন, আমিনুর রহমান, দেলোয়ার রহমান, নাসরিন আক্তার ববি, মো. নুরুজ্জামান, মশিয়ার রহমান, মালেকুজ্জামান দুলাল ও মেনাজুল ইসলাম রানা।সভাপতির বক্তব্যে ময়নুল ইসলাম নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে তা প্রতিহত করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।সমাবেশে বক্তারা শহীদ জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জলঢাকা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :