STV NEWS গঙ্গাচড়ায় জমি দখলচেষ্টা ও ফলজ গাছ ভাঙ্গচুরের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী চাঁন মিয়া। - STV NEWS

গঙ্গাচড়ায় জমি দখলচেষ্টা ও ফলজ গাছ ভাঙ্গচুরের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী চাঁন মিয়া।


ডেস্ক রিপোর্ট জুন ৮, ২০২৬, ২:৫২ অপরাহ্ন
গঙ্গাচড়ায় জমি দখলচেষ্টা ও ফলজ গাছ ভাঙ্গচুরের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী চাঁন মিয়া।

মোঃরাজু মিয়া সোহাগ,রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯,নং নোহালী ইউনিয়নের ৬,নং ওয়ার্ডের পশ্চিম কচুয়া কাপুড়িয়া পাড়ায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ফলজ গাছ ভাঙ্গচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার মৃত্য আজিমুদ্দিনের ছেলে আজিজুল হক ও স্ত্রী কাল্টিমা বেওয়া ও শালী নূরীনা বেগম ও তার কয়েকজন আত্মীয়ের উপর। এ ঘটনায় ভুক্তভোগী চাঁন মিয়া গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম কচুয়া কাপুড়িয়া পাড়ার মৃত লিয়াকত আলীর দ্বিতীয় ছেলে চাঁন মিয়ার কাছ থেকে ১৩৪০, নং দাগে ২ শতক জমি ক্রয় করেন নূরীনা বেগম। তবে অভিযুক্তরা ওই জমির পরিবর্তে চাঁন মিয়ার মালিকানাধীন ১৩৩৭ নম্বর দাগের ২ শতক জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, সম্প্রতি অভিযুক্ত মৃত আজিম উদ্দিনের ছেলে আজিজুল হক, তার মা কাল্টিমা বেওয়া এবং শালী নূরীনা বেগমসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জমি দখলের উদ্দেশ্যে সেখানে যান। এ সময় চাঁন মিয়া বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র, দা, কুড়াল ও বাঁশ নিয়ে অভিযুক্তরা তার ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
চাঁন মিয়া জানান, হামলার সময় কাল্টিমা বেওয়া ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি লাফ দিয়ে সরে নিজেকে আত্মরক্ষা করেন। পরে কয়েকজন মিলে তাকে মারধর করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পরও অভিযুক্তরা ক্ষান্ত হননি। তারা চাঁন মিয়ার জমিতে থাকা একটি ফলধারী গাছ ভেঙ্গে ফেলেন এবং একটি ইউক্যালিপটাস গাছে কুড়াল দিয়ে আঘাত করেন। পাশাপাশি প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করেন বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় চাঁন মিয়া গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তের জন্য প্রশাসনের লোক ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগীর অভিযোগ, তদন্ত চলাকালীন সময়েও অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
চাঁন মিয়া বলেন, “আমি আইনগতভাবে আমার জমির সুরক্ষা ও ঘটনার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।