

মোঃআব্দুল হালিম, ডিমলা(নীলফামারী)
নীলফামারীতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডিমলা উপজেলা সফর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (পিভিএম) মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সঞ্জীবন পাইলটিং প্রকল্পের অগ্রগতি, বাহিনীর কার্যক্রম এবং অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতেই জেলা কমান্ড্যান্টকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনার জন্য উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, সারা দেশের প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনীর উন্নয়ন কার্যক্রমে ‘সঞ্জীবন পাইলটিং প্রকল্প’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশের নির্বাচিত মাত্র ১৩টি উপজেলার মধ্যে ডিমলার অন্তর্ভুক্তি এ উপজেলার জন্য গৌরবের বিষয়। এ প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ডিমলাকে বেকারত্বমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।তিনি ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চলমান কার্যক্রমের প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন। পাশাপাশি বাহিনীর অবৈধ দখলে থাকা জমি দ্রুত উদ্ধার করে সঞ্জীবন পাইলটিং প্রকল্পের স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ জোরদারের নির্দেশনা দেন। এ কাজে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং ডিমলা ইউনিয়ন কমান্ডার আবুল কালাম আজাদকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করেন।জেলা কমান্ড্যান্ট আরও বলেন, বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।সভাটি পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মনিরুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রশিক্ষিকা মোছা. নুরুতাজ খাতুন। এতে ডিমলা সদর ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. আবুল কালাম আজাদ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।সভা শেষে জেলা কমান্ড্যান্ট কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, দায়িত্বশীলতা এবং সুন্দর আয়োজনের প্রশংসা করেন। তাঁর এ নির্দেশনা ও উৎসাহ উপস্থিত সদস্যদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
আপনার মতামত লিখুন :