

জনসেবামূলক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি।
মোঃসাহেব আলী,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার ৯ নম্বর মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান মিঠু।
স্থানীয় সরকার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
এ অর্জনের খবরে মাগুরা ইউনিয়নসহ কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের নেতারা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান মিঠু বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মাগুরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের। আমি সবসময় জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রেখে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান মিঠু দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
আপনার মতামত লিখুন :