STV NEWS জলঢাকায় মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ বিসিআইসি ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ - STV NEWS

জলঢাকায় মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ বিসিআইসি ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ


ডেস্ক রিপোর্ট নভেম্বর ১৯, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
জলঢাকায় মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ বিসিআইসি ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

মোঃআল- আমিন ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নেও একই চিত্র, দিনে দুপুরে বন্ধ থাকে দোকান:
অন্যদিকে, উপজেলার কাঁঠালী ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার ‘মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ’। এই ডিলারশিপটির প্রকৃত লাইসেন্সধারী আব্দুল কুদ্দুস চৌধুরী হলেও তিনিও পয়েন্টটি নিজে পরিচালনা না করে নীলফামারী সদর ইউনিয়নের এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন। অর্থাৎ ডিলারশিপটি চালাচ্ছেন সম্পূর্ণ এক তৃতীয় ব্যক্তি। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ডিলার পয়েন্ট থেকেও কৃষকদের মাঝে নিয়মতান্ত্রিক ও সঠিকভাবে সার বণ্টন করা হয় না। সরকারের নির্ধারিত মূল্যে সার পাওয়ার কথা থাকলেও কৃষকেরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন।
এর সত্যতা যাচাই করতে আজ সরেজমিনে কাঁঠালী ইউনিয়নের ওই ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, দুপুর ২টার দিকে কোনো নোটিশ বা কারণ ছাড়াই সারের পয়েন্টটি বন্ধ করে চলে গেছেন ডিলারের প্রতিনিধি। ভরদুপুরে সার না পেয়ে ডিলার পয়েন্টের সামনে হতাশ হয়ে ফিরে যান অনেক কৃষক।
এ বিষয়ে ‘মুক্তি এন্টারপ্রাইজ’-এর ডিলার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও সদুত্তর না দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি বলেন, “আপনাদের সমস্যা কী? আমি কাকে দেবো আর না দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা এ বিষয়ে কৃষি অফিসারের সাথে কথা বলেন।” কথাটি বলে তিনি পুরো দায় উপজেলা কৃষি অফিসের ওপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এই ডিলারের এমন বেপরোয়া আচরণ ও মোবাইল ফোনে কৃষি অফিসকে জড়িয়ে কথা বলায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই ডিলাররা এমন অনিয়ম করার সাহস পাচ্ছেন।
এ বিষয়ে জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ কৃষকদের দাবি, দ্রুত এসব ডিলারের ভাড়ায় ব্যবসা পরিচালনা ও অনিয়ম তদন্ত করে তাদের লাইসেন্স বাতিল করা হোক এবং নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার প্রাপ্তি নিশ্চিত করা হোক।