

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় এক নববধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ডিমলা থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত অলিয়ার রহমান (৪২) ও জাহিদুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার এক নববধূ গত ২৭ মে রাতে নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। ঘটনার সময় তার স্বামী কর্মস্থলে ছিলেন। রাতে বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে স্বজনদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বাড়িতে একা থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি ওই নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া ভয়ভীতি দেখিয়ে কয়েকটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার মামলা দায়ের ও দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :