

ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
অভিযোগগুলোর কেন্দ্রে রয়েছে তার অতীত রাজনৈতিক যোগাযোগ, ব্যবসায়িক পরিচয় এবং মনোনয়ন প্রক্রিয়া।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে, ছবি ও বর্ণনায় দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময়ে হাফেজ হাজী এনায়েত উল্লাহ প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। এসব পোস্টে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শিল্পপতি সালমান এফ রহমানের সঙ্গে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সখ্যতার কথাও উল্লেখ করা হয়েছে।
পোস্টগুলোতে আরও দাবি করা হয়, তিনি শেখ হাসিনার ত্রাণ তহবিলে অনুদান প্রদান করতেন এবং সে সূত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ তাকে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবেও আখ্যায়িত করছে।
আরও যে অভিযোগটি সামনে এসেছে তা হলো রাজনৈতিক পটপরিবর্তনের পর হাফেজ হাজী এনায়েত উল্লাহ বিপুল অঙ্কের অনুদানের মাধ্যমে জামায়াতে ইসলামীর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন অর্জন করেছেন। যদিও এই দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক দলিল বা প্রামাণ্য তথ্য প্রকাশ্যে আসেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে ভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পৃক্ততা থাকা কোনো ব্যক্তির হঠাৎ করে ভিন্ন আদর্শের দলে মনোনয়ন পাওয়া প্রশ্নের জন্ম দেয় এবং তা স্বাভাবিকভাবেই জনমনে স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করে।
তবে উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেখা গেলেও, এসব তথ্য ও অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি।
এ বিষয়ে হাফেজ হাজী এনায়েত উল্লাহ কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :