

আজাদ হোসেন আওলাদ মিয়া, রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ী গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং জ্ঞানচর্চার প্রসারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “ক্ষিতীশ চন্দ্র রায় গণগ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র”।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষককে সম্মান জানিয়ে তাঁর নামে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হন গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা, চায়না ইয়োংলি গ্রুপের জেনারেল ম্যানেজার (জি.এম) এবং পিএইচডি গবেষক মোঃ জিকরুল আলম মন্ডল (টিটু)। তিনি তাঁর বক্তব্যে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই এবং এই প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
সাবেক সহকারী সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. রুহুল আমীন, মাগুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম মোহন্ত, সাবেক অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিকী সাজু, শিক্ষক ওবায়দুর রহমান, মোঃ জাকির হোসেন মন্ডলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. পরিতোষ চন্দ্র রায়। বক্তারা তাঁদের বক্তব্যে গ্রন্থাগারটির সফলতা কামনা করেন এবং নতুন প্রজন্মকে বইমুখী ও গবেষণামুখী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :