STV NEWS জীবনের ঝুঁকি নিয়ে চলাচল! দক্ষিণ বাহাগিলী হাজিপাড়ার বেহাল সড়কে চরম দুর্ভোগে হাজারো মানুষ - STV NEWS

জীবনের ঝুঁকি নিয়ে চলাচল! দক্ষিণ বাহাগিলী হাজিপাড়ার বেহাল সড়কে চরম দুর্ভোগে হাজারো মানুষ


ডেস্ক রিপোর্ট জুলাই ১২, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
জীবনের ঝুঁকি নিয়ে চলাচল! দক্ষিণ বাহাগিলী হাজিপাড়ার বেহাল সড়কে চরম দুর্ভোগে হাজারো মানুষ

শ্রী উজ্জ্বল গির কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি (নীলফামারী)।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৪ নং বাহাগিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ বাহাগিলী হাজিপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হয়, সৃষ্টি হয় গভীর গর্ত। ফলে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা এমনকি পথচারীদের চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায় , কাদায় আটকে পড়া একটি অটো ভ্যান কয়েকজন মিলে ধাক্কা দিয়ে পার করার চেষ্টা করছেন। প্রতিদিন এমন দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষের ভোগান্তির যেন শেষ নেই।এলাকাবাসী জানান, এই সড়ক দিয়েই দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসী পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার ও চলাচল উপযোগী করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দৃষ্টি আকর্ষণ:
৪ নং বাহাগিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। জনস্বার্থে দ্রুত এই রাস্তার সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য তারা জোর দাবি জানিয়েছেন, যাতে দক্ষিণ বাহাগিলী হাজিপাড়া ও দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসী পাড়াসহ আশপাশের এলাকার মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।