

মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী প্রতিনিধি:
অস্ট্রেলিয়ায় চাকরি ও বৈধ ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণার শিকার মোছা. হালিমা বেগম (৪৭) গত ১ জুলাই নীলফামারীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র বিকাশসহ বিভিন্ন অনলাইন লেনদেনের মাধ্যমে তার কাছ থেকে ধাপে ধাপে মোট ১৮ লাখ টাকা নেয়। কিন্তু প্রতিশ্রুত ভিসা বা চাকরির কোনো ব্যবস্থা না করে পুরো অর্থ আত্মসাৎ করা হয়।
অভিযোগটি পাওয়ার পর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার নিচাজলিপাড়া (চাপড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. আইনুল ইসলাম ওরফে আহেনুর (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার নিচাজলিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আইনুল ইসলাম স্বীকার করেন, তিনি চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় অভিযোগকারীকে অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইনে ই-ট্রানজেকশন ও বিকাশের মাধ্যমে ১৮ লাখ টাকা গ্রহণ করেন এবং সেই অর্থ আত্মসাৎ করেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২), ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা (মামলা নং-০৪, জিআর নং-১৫৬/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে চাকরি কিংবা ভিসার নামে অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এজেন্সির বৈধতা যাচাই করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
আপনার মতামত লিখুন :