

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:আব্দুল হালিম
সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে নীলফামারীর ডিমলায় শালাহাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় ছোটপুল বাজার হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে এবং সর্বস্তরের মানুষের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেখা যায়। র্যালি শেষে মাদ্রাসা চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে মাদ্রাসার এই সবুজ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বক্তারা প্রতিটি শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষকে নিজ নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং সেটির সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান।
সালহাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই পরিবেশবান্ধব আয়োজন ও সচেতনতামূলক প্রচারণাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :