STV NEWS আনসার-ভিডিপির সর্বোচ্চ সম্মান ‘বিভিএম’ পেলেন মাজহারুল ইসলাম ভূঁইয়া - STV NEWS

আনসার-ভিডিপির সর্বোচ্চ সম্মান ‘বিভিএম’ পেলেন মাজহারুল ইসলাম ভূঁইয়া


ডেস্ক রিপোর্ট জুন ১০, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
আনসার-ভিডিপির সর্বোচ্চ সম্মান ‘বিভিএম’ পেলেন মাজহারুল ইসলাম ভূঁইয়া

আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অসামান্য অবদান, কর্মদক্ষতা, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাহিনীর অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘বাংলাদেশ ভিডিপি মেডেল (বিভিএম)’ খেতাবে ভূষিত হয়েছেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া।
ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীকে আরও কার্যকর ও গতিশীল করে তোলা, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, সদস্যদের জীবনমান উন্নয়ন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে অনন্য অবদানের জন্য তাঁকে এ মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে।
এই গৌরবময় অর্জনে নীলফামারী জেলা ও ডিমলা উপজেলা আনসার-ভিডিপি পরিবারের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষিকাবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা বলেন, জেলা কমান্ড্যান্টের এই রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো নীলফামারী জেলার জন্য গর্বের বিষয়। তাঁর এ সাফল্য মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের দেশসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া (বিভিএম) বলেন, “সৎ ও নিষ্ঠার সঙ্গে করা কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দ ও গৌরবের বিষয়। এই সম্মান শুধু আমার একার নয়, এটি নীলফামারী জেলা আনসার ও ভিডিপি পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার ফল। দেশের সেবা এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমি ভবিষ্যতেও সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।”
জেলা কমান্ড্যান্টের এ সম্মাননা অর্জন নীলফামারী জেলা আনসার ও ভিডিপি বাহিনীর জন্য এক গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।