

মোঃনুরুজ্জামান,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের প্রথম ধাপের আবেদনকারীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১১টি বুথে এ ভাইভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপের কার্যক্রম শেষে এখন দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলছে।
নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের সরকারের এ কর্মসূচির আওতায় আনতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হচ্ছে।
নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ১১টি বুথে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহকারী পদে ১৩৪টি শূন্যপদের বিপরীতে ১৫ জন রিজার্ভসহ মোট ১৪৯ জন নির্বাচন করা হবে। এ পদের জন্য ১ হাজার ৩৮৬ জন প্রার্থী ভাইভায় অংশ নেন। এছাড়া সুপারভাইজার পদে ১২টি শূন্যপদের বিপরীতে একজন রিজার্ভসহ মোট ১৩ জন নির্বাচন করা হবে। এ পদে ১৮৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রথম ধাপের ভাইভা শেষে দ্বিতীয় ধাপের আবেদনকারীদের প্রাথমিক তালিকা এবং পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :