

মোঃজামিয়ার রহমান,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার তালুক গোলনা রথবাজার এলাকায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রথবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে তালুক গোলনা রথবাজারের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আহত নুর জামালের দাদা জাহার উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আহতের বাবা সফিকুল ইসলাম, নানি সারজিনা বেগম, নয়ন ইসলাম, রব্বানী ইসলাম, শাজাহান আলী ও মালেকা বেগম।
বক্তারা অভিযোগ করেন, রোপণ করা গাছ ছাগল খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ধারালো অস্ত্র দিয়ে নুর জামালকে ছুরিকাঘাত করেন। এ সময় পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয় বলে তারা দাবি করেন।
আহতের বাবা সফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় নুর জামালকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠান। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি অভিযোগ করেন।
বক্তারা আরও জানান, এ ঘটনায় ছয়জনকে আসামি করে জলঢাকা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করে বাদীপক্ষকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
সভাপতির বক্তব্যে জাহার উদ্দীন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সারজিনা বেগমসহ অন্যান্য বক্তারাও একই দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালুক গোলনা রথবাজার মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সমাজকর্মী মিনার আলী।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি মামলার তদন্তের অগ্রগতি ও অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মতামত লিখুন :