

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, “মাদক ব্যবসায়ীদের কিশোরগঞ্জে কোনো স্থান হবে না। মাদকসেবীদেরও সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
শুক্রবার (২৬ জুন) বিকেলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত একটি মাদকবিরোধী র্যালি শেষে কিশোরগঞ্জ উপজেলার বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :