

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর স্মৃতিচারণের পাশাপাশি তাঁর পরিবারের উত্থাপিত একটি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের পরিচিত নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন।
বর্তমানে তাঁর ছেলে জুনাইয়েদ আলী চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারের অভিযোগ, বিগত সরকারের আমলে তৎকালীন টেকনাফ থানার ওসির নেতৃত্বে তাদের বাড়িতে ভাঙচুর, মালামাল লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, তারা প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা চান না এবং কোনো নিরপরাধ ব্যক্তির হয়রানিও প্রত্যাশা করেন না। তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে, মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :