নীলফামারী প্রতিনিধি:
ভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত যাত্রীর নাম আতিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি দূরপাল্লার বাসে ভাড়া পরিশোধ নিয়ে মুকুল ও শাকিলের সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাণী ইসরাইল অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, “দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।”