মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মার্জিত ও সুশৃঙ্খল পরিবেশের কারণে রোগীদের স্বস্তি ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মেডিসিন ওয়ার্ডের চমৎকার পরিচ্ছন্নতা এবং সুনিয়ন্ত্রিত সেবার সুবাদে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই) মেডিসিন ওয়ার্ডে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ওয়ার্ডে সদ্য যোগদানকৃত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ।মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান। এছাড়াও ওয়ার্ডে কর্তব্যরত অন্যান্য এসএসিএমও এবং নবাগত ইন্টার্ন ডিএমএফবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মেডিসিন ওয়ার্ডে সদ্য যোগদান করা ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দায়িত্বরত চিকিৎসকরা, যা চিকিৎসা অঙ্গনে এক চমৎকার ও প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।সভায় উপস্থিত অতিথিবৃন্দ নবীন ইন্টার্নদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তাঁদের কর্মজীবনের শুরুতেই সার্বিক কাজের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।