মোঃরাজু মিয়া সোহাগ, নীলফামারী:
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমি রানী রায় (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে জলঢাকা থানাধীন চৌধুরীরহাট বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে করে নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে মীরগঞ্জগামী 'মায়ের দোয়া' নৈশ কোচ আসতে দেখে মোটরসাইকেল চালক ব্রেক করেন। এ সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলের চাকা পিছলে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাস্তার বাম পাশে পড়ে গেলেও সুমি রানী রায় ডান পাশে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির বাসটির পেছনের চাকায় তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা দ্রুত আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানান, দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।