মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণাকারী একটি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবি পুলিশের ভিডিও সম্পাদনা করে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর সংযুক্ত করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১০ জুন) মাননীয় পুলিশ সুপার নীলফামারী মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে নীলফামারী সদর উপজেলার পূর্ব চড়াইখোলা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মোঃ সবিজুল ইসলাম (২৪)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পর্যালোচনায় ‘Aktar Hosen’ নামীয় ফেইসবুক আইডি(যার লিংক https://www.facebook.com/share/17LHgFv7sP/) তার ফোনে লগইন অবস্থায় পাওয়া যায় এবং সেই আইডি হতে প্রচারকৃত ডিবি পুলিশের ভিডিওটি (যার লিংক-https://www.facebook.com/share/v/1D2DydUkri/) এ হোয়াটসঅ্যাপ ও ইমু নম্বর যুক্ত ভিডিওটি পাওয়া যায় ও Aktar Hosen নামের একটি ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি থেকে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর পূর্বে প্রচারিত একটি সংবাদ সম্মেলনের ভিডিও সম্পাদনা করে তাতে হোয়াটসঅ্যাপ ও ইমু নম্বর সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবিজুল ইসলাম স্বীকার করেন যে, তিনি ডিবি পুলিশের ভিডিও সম্পাদনা করে নিজের ব্যবহৃত নম্বর যুক্ত করেন এবং নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান ও সহায়তার আশ্বাস দিয়ে ফেসবুকে ভিডিওটি প্রচার করেন।
পুলিশের দাবি, সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা ওই নম্বরে যোগাযোগ করলে তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের আস্থা অর্জন করতেন এবং পরে বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে অর্থ গ্রহণ করে আত্মসাৎ করতেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০, ৪১৭ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯, তারিখ ১১ জুন ২০২৬, জিআর নং-২২০/২০২৬। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। :::