নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রথম দিনেই সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হয়। ধান হস্তান্তরের পর তাৎক্ষণিকভাবে তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কৃষক অ্যাপের মাধ্যমে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
তিনি আরও জানান, এ মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি খাদ্যশস্যের সরকারি মজুদ শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।